সোমবার, ২৩ জানুয়ারি, ২০১২

পঞ্চাশতম পোষ্ট এবং এক বছর


আজ থেকে আর দুই দিন পর আমার মুক্তব্লগে এক বছর হবে। মজার ব্যাপার হচ্ছে এটা আমার পঞ্চাশতম পোষ্ট! এক বছরে পঞ্চাশটি পোষ্ট।

২০১০ সালের ডিসেম্বর মাসে একদিন পত্রিকায় দেখলাম মুক্তব্লগ নামে একটি নতুন ব্লগের নাম। আমি তখন ব্লগ কাকে বলে জানতামই না! খবরটি একবার পড়ে তাই খুব একটা গুরুত্ব দেই নি। বেশ কিছু দিন আমার প্রফেসরের কাছ থেকে ব্লগ সম্পর্কে জানলাম! উনি আমাকে সচলায়তনের কথা বললেন। সচলায়তন দেখে আমার ভালো লাগলো, শিখলাম ব্লগ কাকে বলে! কিন্তু কিছুই লিখতে পারলাম না, বা লেখার সুযোগ পেলাম না। সচলায়তনের রেজিস্ট্রেশনের বিশাল ব্যাপার দেখে আমি হতাশ হয়ে গেলাম। খুব লিখতে ইচ্ছে করছিলো। হঠাৎ করেই আবার মুক্তব্লগের নাম মনে পড়ে গেলো। রেজিস্ট্রেশন করে ফেললাম, দিনটি ছিলো ২৫ জানুয়ারি, ২০১১।

অদ্ভুত ব্যাপার হচ্ছে রেজিস্ট্রেশন করে প্রফেশনাল ব্যস্ততার জন্য আর লিখতে পারলাম না। তাই প্রথম লেখা হলো ১৬ এপ্রিল, ২০১১, বৈশাখের দুই দিন পর। লিখলাম নববর্ষ নিয়েই- “এসো মাতি ভালোবাসার উৎসবে ......”--- আমার প্রথম ব্লগ লেখা! সেই থেকে শুরু।

একে একে লিখে ফেললাম ৪৯ টি ব্লগ। রোগীদের নিয়ে, মেডিকেল কলেজ নিয়ে, লিবিয়া ভ্রমন নিয়ে, স্মৃতিচারণ, গল্প, অণুগল্প, কবিতা, রূপকথা, মিথোলজী, ইতিহাসের গল্প, সমসাময়িক ব্যাপার এমন কি ছবি ব্লগও দিলাম। এক সময় দিনের বেশিরভাগ সময়ই আমার চোখ থাকতো মুক্তব্লগের দিকে। অতি আপনজন হয়ে গিয়েছিলো কারিম ভাই, আসলাম ভাই, মুকিত ভাই, দেবুদা, সাইফুল্লাহ খালেদ ভাই, এনজামান ভাই, ফারিয়ারিসতা আপু, নাজমুল আহসান মুক্ত ভাই, নাজিয়া তাসনিম আপু, মুদ্রা ভাই, আরিশ, আরেফিন ভাই, রংধনু ভাই, সোনালী আপু, পুনপুনি আপু, চে গুয়েভারা ভাইসহ আরো অনেকে। প্রতিটি পোস্টে কারিম ভাইয়ের মন্তব্যে মন আনন্দে উদ্বেল হয়ে উঠতো। একবার একজন ব্লগার আমার এক লেখার জন্য শিরোনামে আমার নাম দিয়ে একটি পোষ্ট দিয়েছিলো। ফারিয়ারিসতা আপু একটি পোষ্ট দিয়ে সেটার প্রতিবাদ করেছিলেন, করেছিলেন আরো অনেকে। আমি অভিভূত হয়েছিলাম আপনাদের সবার আন্তরিক ভালোবাসায়।

সুখ বোধহয় সব সময় সয় না। মাঝে সার্ভার সমস্যার জন্য মুক্তব্লগে প্রবেশ করাই কষ্টকর হয়ে উঠলো। অনেকদিন বিচ্ছিন্ন ছিলাম আমি। কিছুটা যেনো দূরেও সরে এসেছি। সেই সময়ে লেখার তীব্র ইচ্ছে থেকেই আরো কিছু ব্লগের সদস্য হই আমি। লেখা আমার চলে, কিন্তু মন ভরে না। এক সময় সার্ভার সমস্যার সমাধান হলো, কিন্তু আমি হয়ে গেলাম অনিয়মিত। সেই অনিয়মিতভাবটা এখনো রয়ে গেছে। মাঝে মাঝে খুব কষ্ট লাগে, দূর অতীতে হারিয়ে যাই।

আজ আমার পঞ্চাশতম পোষ্ট। এই পোষ্টে আমি একটি খবর দিচ্ছি। মুক্তব্লগের সার্ভার সমস্যার সময় আমি চতুর্মাত্রিকে ব্লগ করা শুরু করি। এক সময় সেখানে আমরা বারোজন ব্লগার মিলে লিখে ফেলি একটি বারোয়ারি উপন্যাস- “সরলরেখা – বক্ররেখা”। এবারের বই মেলায় এটি মলাটবন্দী হয়েছে। বের হচ্ছে অন্য প্রকাশের ব্যানারে। উপন্যাসটির ২৫ টি অধ্যায়ের মধ্যে ৩ টি অধ্যায় আমার লেখা। এই উপন্যাসটির আমার অংশটুকু  আমি আমার প্রথম ব্লগ, প্রথম ভালোবাসা মুক্তব্লগকে উৎসর্গ করছি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন